দুই জাতীয় পরিচয়পত্র: সাবরিনার মামলার প্রতিবেদন ৩ মার্চ

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের সাবেক চিকিৎসক সাবরিনা শারমিন ওরফে সাবরিনা আরিফ চৌধুরীর বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩ মার্চ দিন ধার্য করেছে আদালত।

একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি করার অভিযোগে করা মামলায় এই দিন ধার্য করে সোমবার আদেশ দেয় আদালত।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেয়ার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ নতুন এ দিন ধার্য করে আদেশ দেন।

মামলাসূত্রে জানা যায়, গত বছরের ৩০ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় ডা. সাবরিনার বিরুদ্ধে মামলাটি করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। ২০১০ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ১৪ ও ১৫ ধারায় মামলাটি করা হয়।

জানা গেছে, ডা. সাবরিনার দুই এনআইডিতে স্বামীর নাম দুরকম উল্লেখ আছে। দুই এনআইডিতে দেয়া জন্মতারিখ আলাদা আলাদা। বর্তমান তার দুটি এনআইডি ব্লক করে দেয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এদিকে করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে ঢাকা মহানগর হাকিম আদালতে।