প্রকাশ্যে এলো বিরাট কোহলি ও অনুশকা শর্মার কন্যাসন্তানের ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের ছবি শেয়ার করে আনুশকা জানালেন সদ্যোজাতর নামও রেখে ফেলেছেন তারা।
কী সেই নাম? ভামিকা। কেন কোহলি ও আনুশকা এমন নাম রাখলেন মেয়ের? কী রয়েছে এর নেপথ্যে?
অনেকে বলছেন, কোহলি ও আনুশকা দুজনের নামের সঙ্গে সাদৃশ্য রেখে ভামিকা নামকরণ হয়েছে। বিরাট কোহলির নামের প্রথম অক্ষর ও অনুশকার নামের ইংরেজি বানানের শেষ দুই অক্ষর মিলিয়ে নামকরণ হয়েছে ‘ভামিকা’।
আবার অনেকে বলছেন, এর নেপথ্যে রয়েছে পুরাণকাহিনী। ভামিকা একটি সংস্কৃত শব্দ, যার অর্থ দেবী দুর্গা।
কেউ কেউ বলছেন, হিন্দু পুরাণে অর্ধনারীশ্বরের মহিলা অংশের নাম ভামিকা। হিন্দু পুরাণ মতে, অর্ধনারীশ্বর শিব ও দুর্গার মিলিত রূপ। ডানদিকের অংশ শিব আর বাম দিকের অংশ দেবী দুর্গা। অর্ধনারীশ্বর একত্রে সম্প্রীতির প্রতীক বলে মনে করা হয়।
সোমবার সকালে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন বলিউড তারকা অনুশকা। তাতে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে হাসছেন তিনি। আর পাশে দাঁড়িয়ে একদৃষ্টে মেয়ের দিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলি।
তবে মেয়ের চেহারা সামনে আনেননি কোহলি-আনুশকা। এমনভাবে আনুশকা মেয়েকে ধরে রেখেছেন, যাতে চেহারাটা না বোঝা যায়।
ছবিতে আরো দেখা যাচ্ছে, চারদিকে বেলুনের ছড়াছড়ি। ছবিটি পোস্ট করে অনুশকা লেখেন, ‘ভালোবাসা আর কৃতজ্ঞতার মধ্যে দিয়ে এতদিন ধরে বেচেছি আমরা। তবে এই পুঁচকি, ভামিকা আমাদের সম্পূর্ণ অন্য একটা অধ্যায় উপহার দিয়েছে। কান্না, হাসি, চিন্তা, আশীর্বাদ, মাঝে মধ্যে তো এক মিনিটের মধ্যে এতগুলো আবেগ উপলব্ধি করছি। ভালো করে ঘুম হচ্ছে না, তবে আমাদের হৃদয় পরিপূর্ণ। আমাদের প্রার্থনা, ভালোবাসা আর শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ।’
অনুশকা মেয়ের নাম ও ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়েছে অনুশকার ছবিতে করা কোহলির কমেন্টও। লিখেছেন, ‘এই একটি ফ্রেমে আমার গোটা জগৎ ধরা রয়েছে।’