সড়কে প্রাণ গেল ৪ জনের

দেশের চার জেলায় গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে চট্টগ্রামের পাহাড়তলীতে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। মাদারীপুর সদরে বাসচাপায় এক পথচারী প্রাণ হারিয়েছেন। এ ছাড়া নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাক-বাসের সংঘর্ষে বাসটির হেলপার ও নীলফামারীর ডোমারে ট্রাক্টরচাপায় সাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবরে:

চট্টগ্রাম : নগরীর পাহাড়তলী থানা এলাকায় ট্রাকচাপায় মুশফিকুর রহমান জাহিদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে স্থানীয় হাক্কানী পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর : সদর উপজেলায় বাসচাপায় ফারুক মুন্সি (৩৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে মাদারীপুর-শরীয়তপুর শেখ হাসিনা মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ হাসিনা মহাসড়ক দিয়ে একটি মিছিল যাচ্ছিল। এ সময় উল্টোপথে আসা একটি বাস পথচারী ফারুককে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নেত্রকোনা : কেন্দুয়ায় পাথরবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে সনয় (৩২) নামে বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল সকালে কেন্দুয়া-আঠারবাড়ী আঞ্চলিক সড়কের আটিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পাথরবোঝাই ওই ট্রাকটি কেন্দুয়া-আঠারবাড়ী আঞ্চলিক সড়কের পাশে দাঁড়ানো ছিল। সকাল ৬টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ট্রাকটির সঙ্গে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই সনয়ের মৃত্যু হয়।

নীলফামারী : ডোমারে ট্রাক্টরচাপায় আমির আলী (৭৫) নামে সাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার ডোমার-চিলাহাটি সড়কের ডোমার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে নিজবাড়ি থেকে সাইকেল চালিয়ে ডোমার শহরে যাচ্ছিলেন আমির আলী। পথে ডোমার বাজার এলাকায় পেছন থেকে দ্রুতগামী একটি মালবাহী ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।