মহিলা পরিষদের বিবৃতি

বছরের প্রথম মাসেই শতাধিক ধর্ষণ

চলতি বছরের জানুয়ারি মাসে ১০৮ জন নারী ধর্ষণের শিকারসহ ২৫৯ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি।

মহিলা পরিষদ জানায়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২১ সালের জানুয়ারি মাসে ২৫৯ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ১০৮ জন। এর মধ্যে ৭২ কন্যাশিশু ধর্ষণের শিকার এবং ৭ কন্যাশিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়া ৪ শিশুসহ ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৯ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ১ জন। ৬ শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ৩ জন, যার মধ্যে একটি শিশু।

বিবৃতিতে বলা হয়, এ ছাড়া অগ্নিদগ্ধের শিকার হয়েছে ১ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৩ জন। শিশু অপহরণের ঘটনা ঘটেছে ১৮টি। পাচারের শিকার হয়েছে ১ জন। বিভিন্ন কারণে ১৫ শিশুসহ ৪১ জনকে হত্যা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতন হয়েছে ৬ জন, এর মধ্যে ২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৫ শিশুসহ ১৫ জন। বিভিন্ন নির্যাতনের কারণে আত্মহত্যা করেছে ৭ জন, যার মধ্যে একজন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ৮ শিশুসহ ২১ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিয়ে সংক্রান্ত ঘটনা ঘটেছে ৪টি। সাইবার ক্রাইম অপরাধের শিকার ২ শিশুসহ ৬ জন।