সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জরুরি ভিত্তিতে ‘আর্থিক সহায়তা তহবিল’ গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে তহবিলে দুর্ঘটনায় আহতদের জন্য ৫ লাখ ও নিহতদের উত্তরাধিকারীকে ২০ লাখ টাকা সহায়তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘নতুন আইনে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি বলা হলেও দীর্ঘ ১৫ মাসে ট্রাস্টি বোর্ড গঠন না হওয়ায় ক্ষতিপূরণ পাচ্ছেন না ভুক্তভোগীরা। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক আহত ব্যক্তিকে ৫ লাখ ও নিহতের বৈধ উত্তরাধিকারীকে ২০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করাও সম্ভব।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক হোসেন আহমেদ মজুমদার, যাত্রী কল্যাণ সমিতির যুগ্ম মহাসচিব এম মনিরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।