করোনায় যুক্তরাষ্ট্রে আরও ২ লাখ মৃত্যুর আশঙ্কা

মহামারী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আগামী মে মাসের মধ্যে আরও দুই লাখ প্রাণহানির আশঙ্কা করছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের দাবি, সংক্রমণ ঠেকাতে এ সময়ে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করলেও মৃতের সংখ্যা অন্তত এক লাখ ছাড়িয়ে যাবে। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে এরই মধ্যে প্রাণ হারিয়েছে ৪ লাখ ৩০ হাজার মানুষ। সিএনএনের এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।

গবেষকরা বলছেন, যদি এখন থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকরা নিয়ম মেনে মাস্ক ব্যবহার করে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে, তবুও আগামী তিন মাসে করোনায় যুক্তরাষ্ট্রের অন্তত ১ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন এরই মধ্যে যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়েছে। এখন যুক্তরাষ্ট্রে করোনার নতুন দুটি অধিক সংক্রামক স্ট্রেইন ছড়িয়ে পড়তে শুরু করেছে।