অসাধারণ ফ্রিকিকে জবাব মেসির

দ্বিতীয় স্থানে বার্সেলোনা

অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে স্প্যানিশ সুপার কাপে হারের দারুণ এক প্রতিশোধ নিল বার্সেলোনা। রবিবার লিওনেল মেসির অসাধারণ ফ্রিকিক আর অ্যান্তোইন গ্রিজমানের গোলে বিলবাওকে ২-১ গোলে হারিয়ে লা লিগার দ্বিতীয় স্থানে উঠে এসেছে কাতালানরা।

বিলবাওয়ের বিপক্ষে সুপার কাপের ফাইনাল ম্যাচে ক্লাব ক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখেছিলেন মেসি। ন্যু ক্যাম্পে তাদের বিপক্ষে দলকে এগিয়ে দেন তিনি। ২০ মিনিটে বিলবাও পোস্টের ৩০ গজ দূরে ফ্রিকিক পেয়েছিল বার্সা। তা রুখতে বিলবাও গোলরক্ষক উনাই সিমোন যথারীতি মানবদেয়াল তৈরি করেছিলেন। অতিরিক্ত সাবধানতা হিসেবে নিজের একটু সামনে বাঁ পাশে ডিফেন্ডার ইয়েরেকেও দাঁড় করান তিনি। অর্থাৎ এক অর্থে গোলপোস্টে ছিলেন দুজন। সিমোনের ডান দিকে জায়গা বেশি ফাঁকা থাকায় মেসি যে সেদিক দিয়ে শট নিতে পারেন, সেটাই ছিল সবার স্বাভাবিক ভাবনা। কিন্তু মেসির শট যায় উল্টোদিকে। ইয়েরে তার বাঁ দিকে লাফিয়ে উঠে হেডে বলটা লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করেছিলেন। নাগাল পাননি। বলটা ঢুকেছে তার মাথা, ক্রসবার ও পোস্টের মাঝে অল্প একটু ফাঁকা জায়গা দিয়ে। এমন গোল প্রতিদিন দেখা যায় না। মেসি তেমন এক গোল করে মাঠেই সবকিছুর জবাব দিলেন। ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ও বিশ্লেষক গ্যারি লিনেকার টুইটে তাই বলেছেন ‘সম্ভবত মেসির বেতন বাড়ানোর সময় হয়েছে।’ সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে এটি মেসির ৬৫০তম গোল। সরাসরি ফ্রিকিক থেকে করেছেন ৪৯ গোল, যার ৩৮টি লা লিগায়।

দ্বিতীয়ার্ধের ৪ মিনিটে জর্দি আলবার আত্মঘাতী গোলে সমতায় ফেরে বিলবাও। কিন্তু ৭৪ মিনিটে গ্রিজমানের গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার। লিগে এটি বার্সেলোনার টানা পঞ্চম জয়। সমান ২০ ম্যাচে ৪০ পয়েন্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে বার্সা।