এপ্রিলে ওয়ানডে খেলতে আসছে শ্রীলঙ্কা

গত জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সফরটি তখন হয়নি। সফরটি মে মাসে করার আয়োজন চলছে। তার আগে এপ্রিলে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে লঙ্কানরা। এই সিরিজ ২০২৩ বিশ্বকাপ সুপার লিগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই লিগেরই আওতায় নিউজিল্যান্ডের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সেখান থেকে ফিরে তামিমরা শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে সিরিজ খেলে লঙ্কায় যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে।

এই ব্যস্ততা থাকবে বছরজুড়েই। সফরসূচি ঠিক না হলেও আয়ারল্যান্ড ‘এ’ দলের সফর নিশ্চিত। ১৭ ফেব্রুয়ারি একটি চার দিনের ম্যাচ, পাঁচটি এক দিনের ও দুটি টি-২০ খেলতে বাংলাদেশ সফরে আসছে উলভসরা। জানুয়ারিতে আমিরাতের মাঠে আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে আইরিশ জাতীয় দল। আসন্ন বাংলাদেশ সফরে সেই দলের কয়েকজন ক্রিকেটার উলভসের হয়ে খেলতে পারেন। আয়ারল্যান্ড জাতীয় দলের কোচ গ্রাহাম ফোর্ড এই সিরিজটাকে গুরুত্ব দিচ্ছেন বেশ, ‘উলভসের এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ১৫ জনের একটা স্কোয়াড আছে। তবে এই সফরের জন্য আমাদের ২৫ জন ক্রিকেটার লাগবে।’