নরসিংদীর মাধবদীতে নাতি কুপিয়ে হত্যা করেছে দাদিকে। এছাড়া, ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজ শিশুর, ঝালকাঠির নলছিটির চর থেকে তরুণের এবং নাটোরে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
নরসিংদী : মাধবদীতে জমি নিয়ে বিরোধের জের ধরে নাতি কোপানোর পরদিন মারা গেছেন দাদি। গতকাল সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দাদি আমিরজান (৫০) মারা যান। এর আগে গত রোববার সকালে দাদা-দাদিকে কোপায় তাদের নাতি মোশাররফ অনিক (১৮)। নিহত আমিরজান কাঁঠালিয়া ইউনিয়নের মৈষাদী গ্রামের হোসেন আলীর স্ত্রী।
আহত হোসেন আলী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে নাতি দাদা-দাদিকে অত্যাচার করে আসছিল। রবিবার সকালে নাতি মোশাররফ অনিক চাপাতি দিয়ে দাদা ও দাদিকে কোপায়।
মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, ঘাতক অনিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঝিনাইদহ : মহেশপুরে নিখোঁজের পাঁচ দিন পর জিসান হোসেন নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বজরাপুর গ্রামে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। জিসান ওই উপজেলার বজরাপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
ঝালকাঠি : নলছিটির সুগন্ধা নদীর চর থেকে প্রাণ কোম্পানির বরিশাল ডিপোর স্টোরকিপার রাশেদুল হকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরণ এলাকার চরে তার লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। রাশেদুলের বাড়ি নরসিংদী জেলায়।
নাটোর : আনোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার সন্ধ্যার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় মিল্লাত আবাসিক হোটেল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত ১০টার দিকে এই ব্যক্তি নিজের নাম আনোয়ার হোসেন, বাবার নাম এজাদুল, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়া বলে হোটেলের রেজিস্টারে নাম অন্তর্ভুক্ত করেন।