আমিনুল ইসলাম বুলবুল ও ইমরুল কায়েসকে আলাদা করতে পারল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)! নিজেদের অফিশিয়াল ফেইসবুক পেজে সাবেক ও বর্তমান দুই তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে গুলিয়ে ফেলল সংস্থাটি। তাতে যা ঘটল, তা হাস্যকরই বটে।
দেশের ক্রিকেটের কিংবদন্তি, সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল মঙ্গলবার পূর্ণ করলেন ৫৩ বছর। দিন জুড়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন দেশের অভিষেক টেস্টেই সেঞ্চুরির ইতিহাস গড়া সাবেক এই ব্যাটার।
এদিনই আবার ৩৪ বছর পূর্ণ করেছেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। অর্থাৎ দুজনের জন্মদিনই- ২ ফেব্রুয়ারি। ১৯৬৮ সালে ঢাকায় জন্ম বুলবুলের। ১৯৮৭ সালে মেহেরপুরে জন্ম ইমরুলের।
বিসিবি নিজেদের অফিশিয়াল ফেইসবুক পেজে নিয়মিতই সাবেক ও বর্তমান তারকাদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে থাকে। বুলবুল ও ইমরুলকেও জানিয়েছে। কিন্তু বুলবুলকে শুভেচ্ছা জানাতে গিয়ে ইমরুলের ছবি পোস্ট করে বসে তারা!
ক্যাপশনে ছিল বুলবুলের কথা, ‘তিনি ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান। কোনো দেশের অভিষেক টেস্টে এটি দ্বিতীয় সর্বোচ্চ। শুভ জন্মদিন আমিনুল ইসলাম বুলবুল…।’
বিসিবির এই ‘ভুল’ শুভেচ্ছা বার্তা পৌঁছে যায় বুলবুলের কাছে। পোস্টটির স্ক্রিনশট নিজের ফেইসবুকে পোস্ট করে বুলবুল লিখেন, ‘শুভ জন্মদিন ইমরুল কায়েস। ধন্যবাদ বিসিবি। আমরা যমজ নই।!’
পরে অবশ্য বিসিবি তাদের এই ভুল সংশোধন করে ইমরুলের ছবি সরিয়ে বুলবুলের ছবি পোস্ট করে।
তবে এমন ভুল মানতে পারছেন না অনেকেই। বুলবুলের করা পোস্টের কমেন্ট বক্সে যেমন একজন লিখেছেন, ‘অদ্ভুত লেভেলের দায়িত্বজ্ঞানহীনতা এদের!’