নৌকা প্রতীকের তোরণে আগুন দেওয়ার অভিযোগ: বিক্ষোভ

মাদারীপুরের কালকিনিতে পৌর নির্বাচনে নৌকা প্রতীকের তোরণে আগুন দেওয়া এবং পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। আগুনে নৌকাটি অনেকাংশে পুড়ে যায়। নৌকার বৈঠা পাশের খালের মধ্যে ভাসতে দেখা যায়। 

সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটানো হয় বলে দাবি আওয়ামী লীগের নির্বাচন সেন্টার কমিটির আহ্বায়ক মোশারফ হোসেন মাস্টারের। 

তিনি জানান, কালকিনি পৌর এলাকার কাশিমপুর বাজারে পৌর নির্বাচন উপলক্ষে ব্রিজের ওপর নির্মিত তোরণে আগুন দেয়ার ঘটনা ঘটে। নৌকার ঝুলানো পোস্টার ছিরে ফেলা হয়। খবর পেয়ে মঙ্গলবার সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় নৌকার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। 

পৌর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক চায়না খানম বলেন, গভীর রাত পর্যন্ত কাশিমপুর বাজারের আলম মাকের্টে নারিকেল গাছ প্রতীকের মিটিং হয়েছে এবং মিটিং শেষে নৌকা পোড়ানো হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই। দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে। 

কালকিনি পৌরসভার আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রার্থী এসএম হানিফ সরদার বলেন, আমি শুনেছি যে, বিশাল আকারের একটি নৌকা সোমবার রাতে কে বা কারা পুরিয়ে ফেলেছে। জানি না একটা কীসের আলামত না কোনো অশনি সংকেত। আমি সুস্থ নির্বাচনের পক্ষে।  আমি নৌকার প্রার্থী, আমি সরকার দলের প্রার্থী, আমি কোন হানাহানি চাই না। আমি চাই প্রশাসন সুস্থ তদন্ত করে দোষীদের আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। 

কালকিনি থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা বলেন, এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।