‘বঙ্গবন্ধু’ সিনেমার সেটেই পালন হলো শুভ’র জন্মদিন

আরিফিন শুভর জন্মদিন ছিল ২ রা ফেব্রুয়ারি, মঙ্গলবার। প্রতি বছর এই দিনটি ঘটা করে পালন করলেও জন্মদিনে এবার করতে হচ্ছে শুটিং। মুম্বাইয়ে বঙ্গবন্ধু সিনেমার শুটিং স্পটেই পালন করা হলো তার জন্মদিন।

জানা গেছে, মুম্বাইয়ে শুটিংয়ের এক ফাঁকে ইউনিটের পক্ষ থেকে আরিফিন শুভর জন্মদিনের কেকের ব্যবস্থা করা হয়। সেখানে ইউনিটের অন্যান্যদের সঙ্গে কেকটি কাটেন।

শুভ জানান, অভিনয়ে আসার পর থেকে অধিকাংশ জন্মদিন তাকে শুটিং সেটে পালন করতে হয়েছে। মাঝে মাঝে কয়েকবার তার ফ্যানস ক্লাব থেকে আয়োজনে অংশ নিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে জন্মদিনের জন্য আলাদা কোন আয়োজন করেন না।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু’। বায়োপিকটি নির্মিত হচ্ছে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায়। যাতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ।

ছবিটির শুটিং গত বছর মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে ছবিটির শুটিং ভারতে অনুষ্ঠিত হচ্ছে। ভারত অংশের শুটিং শেষ হবে আগামী ১০ এপ্রিল। এরপর বাংলাদেশে বাকি শুটিং বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৯৮২ সালের ২ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় জন্মগ্রহণ করেন আরিফিন শুভ। শুরুতে মডেলিং ও নাটকে অভিনয় করলেও ২০১৩ সালে রূপালি পর্দায় আগমন ঘটে তার।