যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় এক অভিযানে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআইয়ের দুই এজেন্ট নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় ভোরে ছয়টা ফ্লোরিডার সানরাইজ শহরে এ ঘটনা ঘটে।
এফবিআইর এক বিবৃতিতে বলা হয়, এক শিশু নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হন এফবিআই টিম। এতে তাদের দুই এজেন্ট নিহত ও তিনজন আহত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, আহতদের মধ্যে দুই এজেন্টকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল।
নিহত দুই এজেন্টের নাম প্রকাশ করেনি এফবিআই। আহত অপর এজেন্টের শারীরিক অবস্থা নিয়েও কিছু জানায়নি সংস্থাটি।
একটি বিলাসবহুল কমপ্লেক্সের সামনে এ বন্দুকযুদ্ধ হয়। ওয়াটার টেরেস অ্যাপার্টমেন্ট নামে ওই কমপ্লেক্সে জিম, পুল, স্পা, টেনিস কোর্ট আছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযুক্ত ব্যক্তিও এ ঘটনায় নিহত হয়েছেন। কী পরিমাণ গুলি ছোড়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক বেশি।’