বীরশ্রেষ্ঠ’র চরিত্রে কাজ করছেন না শাকিব খান

মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠ ও এক বীরাঙ্গনাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রযোজক সাকিব সনেট। এটাও জানিয়েছিলেন, ছবিতে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এটি পরিচালনা করবেন সানী সানোয়ার।

নতুন খবর হলো, এ ধরনের কোনো চরিত্রে অভিনয় করছেন না শাকিব। গণমাধ্যমকে তিনি জানান, ছবিটি নিয়ে বেশ কয়েক মাস আগে তার সঙ্গে প্রাথমিক একটা আলাপ হয়েছিল। তবে সেটা ফলপ্রসূ কোনো আলাপ নয়। এরপর আর এটা নিয়ে কারও সঙ্গে কোনো কথা বা যোগাযোগ হয়নি। পাশাপাশি এখন সিনেমা হলেও তিনি এটি করবেন বলেই নিশ্চিত করেন।

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের মতো একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে না চাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, “ছবিটি নিয়ে আমার কাছে একবারই প্রস্তাব এসেছিল। পরে যোগাযোগ  করলেও আমি না করে দিতাম। কারণ  বীরশ্রেষ্ঠ নিয়ে কাজ করতে হলে অনেক বড় ক্যানভাসে করতে হবে। স্পেশালভাবে যদি বীরশ্রেষ্ঠদের নিয়ে কোনো কাজ হয়, তাহলে আমি নিজ উদ্যোগে সেটাতে কাজ করতে চাইব। আর সেটা হবে অনেক বড় বাজেট ও ক্যানভাসের। অনেক প্রস্তুতির ব্যাপার থাকবে তাতে। হুট করে ঘোষণা দিয়ে ছবি শুরু করলেই তো আর বীরশ্রেষ্ঠদের নিয়ে সিনেমা বানানো সম্ভব নয়।”

চলতি মাসেই মহরতসহ আনুষ্ঠানিক সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আর আগামী মাসে শুটিংয়ে নামার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।