বগুড়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ পাশর্^বর্তী সোনাতলা থানা এলাকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে। এ সময় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ ও সোনাতলা থানা পুলিশ জানায়, গত সোমবার বিকেলে শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনিস ও এএসআই মিজান সোনাতলা থানা এলাকার ঝিনারপাড়া গ্রামে যান। তারা ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে আবুল কালামকে (৪০) আটক করে হাতকড়া লাগান। এ সময় তার স্বজনরা গ্রেপ্তারের কারণ জানতে চান। পুলিশ জানায়, কালামের কাছে ফেনসিডিল পাওয়া গেছে। কিন্তু তাকে নিরপরাধ দাবি করে গ্রামের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে আবুল কালামকে ছিনিয়ে নেয়।

স্থানীয় ইউপি সদস্য টুকু মিয়া বলেন, শিবগঞ্জ থানার পুলিশ সোনাতলা থানা এলাকায় প্রবেশ করে কোনো অভিযোগ ছাড়াই আবুল কালামকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তার স্বজনরা বাধা দিতে গেলে ধস্তাধস্তি হয় এবং একপর্যায়ে কালাম পালিয়ে যায়।

শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, আবুল কালাম চিহ্নিত মাদক কারবারি। তার বাড়ি সোনাতলা থানায় হলেও শিবগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় আসামির আত্মীয়-স্বজনরা পুলিশকে মারপিট করে তাকে ছিনিয়ে নেন। তাদের হামলায় এসআই আনিস ও এএসআই মিজান আহত হন। এ ঘটনায় এসআই আনিস মামলা করেছেন। সেই মামলায় রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনাতলা থানার ওসি রেজাউল করিম বলেন, আবুল কালামের নামে সোনাতলা থানায় বর্তমানে কোনো মামলা নেই। আগে কোনো মামলা ছিল কি-না তা খুঁজে দেখতে হবে।