সালাহউদ্দিনের নিঃশর্ত মুক্তির দাবি ফখরুলের

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানিয়ে বলেন, সরকারের সকল অপকর্ম ও অপশাসনের মূলোৎপাটনে জনগণের ক্ষোভ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া না হলে দেশের স্বাধীনতাকামী মানুষ অবৈধ সরকারের রাজসিংহাসন যেকোনো মুহূর্তে দুমড়ে-মুচড়ে ফেলবে।

বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের রাতে ভোটের মাধ্যমে নির্লজ্জভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী সরকার এখন ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন শুরু করেছে। বিএনপিসহ বিরোধী দলীয় নেতা–কর্মীদের রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের করছে। এরপর আদালত কর্তৃক তাদের জামিন নামঞ্জুর যেন বর্তমান আওয়ামী সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে।

মির্জা ফখরুল বলেন, দেশকে বিরোধী দলশূন্য করতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনোও কারণ ছাড়াই মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় সালাহউদ্দিন আহমেদের জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ বর্তমান গণধিক্কৃত সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ।

বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন।