ঢাকা ওয়াসার কাছ থেকে খালের দায়িত্বভার গ্রহণের এক মাসের মাথায় তিনটি খাল ও দুটি বক্স কালভার্ট থেকে ৫৭ হাজার টন বর্জ্য-মাটি অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল বুধবার সকালে শ্যামপুর খালে চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস।
ডিএসসিসির মেয়র তাপস বলেন, ‘আমরা খালের দায়িত্ব নিয়েছি ৩০ দিনের মতো হলো। এরই মাঝে ৫৭ হাজার মেট্রিক টন বর্জ্য আমরা অপসারণ করেছি। আমার ধারণা, যে অবস্থা দেখলাম, আগামী দুই মাসে তা দ্ইু লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। কিন্তু তারপরও আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নিজ অর্থায়নে আমরা কার্যক্রম চালিয়ে চাচ্ছি। আমি আশাবাদী, একটি সুষ্ঠু পরিবেশ আমরা ফিরিয়ে আনতে পারব। যদিও এখন পর্যন্ত অত্যন্ত দুরূহ কাজ বলেই প্রতীয়মান হচ্ছে।’
তিনি আরও বলেন, আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি, আগামী বর্ষা মৌসুমের আগেই যেন সব খাল পরিষ্কার করতে পারি, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি, পানি প্রবাহের ব্যবস্থা করতে পারি এবং পরবর্তীকালে আমরা দীর্ঘ মেয়াদি যে পরিকল্পনা নিয়েছি, খালের পাশের যে জমি দখল হয়েছে, সেগুলো অবমুক্ত কওে সেখানে যাতায়াতের ব্যবস্থা, হেঁটে চলা, সাইকেল চালানোর ব্যবস্থা করা।