স্পিকারের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৃহস্পতিবার তার সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, কভিড-১৯ পরিস্থিতি, কভিড-১৯ ভ্যাকসিনের বর্তমান অবস্থা,   দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, সুইডেন বাংলাদেশের অনেক পুরোনো বন্ধু এবং সুইডেনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়।

এ সময় ভবিষ্যতে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিরীন শারমিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুদীর্ঘ ২৪ বছর বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। স্বাধীনতা অর্জনের পর তিনি জাতিকে উপহার দিয়েছেন বিশ্বসেরা সংবিধান।

‘তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণে কভিডকালীন সময়ে বাংলাদেশের জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য বর্তমানে স্বাভাবিক গতিতে চলছে’ যোগ করেন তিনি।

স্পিকার বলেন, করোনায় বাংলাদেশে মৃত্যুহার তুলনামূলকভাবে কম। তৃণমূল পর্যায়ে দরিদ্র জনগণ যেন অনাহারে মৃত্যুবরণ না করে সেজন্য সঠিক সময়ে খাদ্যদ্রব্য সরবরাহ করেছে সরকার।

বর্তমান সরকার সকলের জন্য কভিড-১৯ ভ্যাকসিন সরবরাহে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।