নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের শীর্ষ পর্যায়ের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)।
বৃহস্পতিবার এটিইউ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- আল্লাহর দলের সেকেন্ড ইন কমান্ড শেখ কামাল হোসেন (৩৫), সংগঠনটির নির্বাহী মো. সোহেল রানা (৪০), গাজীপুরের বিভাগীয় নায়ক রবি আহম্মেদ পাপ্পু (২৮), সংগঠনটির দাওয়াহ দপ্তরের প্রধান মো. খালেকুজ্জামান ( ৩৭) ও সংগঠনটির মামলা ও কারা দপ্তরের সহযোগী মনিরুজ্জামান ওরফে মিলন (৪২)।
এটিইউ কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ফার্মগেট তেজতুরি বাজারস্থ প্যাসিফিক হোম টাওয়ারের নিচ তলা থেকে প্রথমে শেখ কামাল হোসেন ও সোহেল রানাকে গ্রেপ্তার হন।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী এটিইউ’র দল একই রাত ৮টার দিকে মোহাম্মদপুরের কাটাসুর এলাকাস্থ শেরে-বাংলা রোডে অভিযান চালিয়ে রবি আহম্মেদ পাপ্পু, খালেকুজ্জামান ও মিলনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১২টি মোবাইল ফোন, ভিসা কার্ড ও কারাবন্দিদের টাকা প্রদানের স্লিপ ও ৩৭ হাজার ৬২ টাকা জব্দ করা হয়েছে।
এটিইউ কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে শেখ কামাল হোসেন ২০২০ সালের জানুয়ারি থেকে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত সেকেন্ড ইন কমান্ড বা সহ-অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সালে আল্লাহর দলের প্রধান মতিন মেহেদীর কাছে শপথ গ্রহণ করে আল্লাহর দলে যোগ দেন।
গ্রেপ্তার খালেকুজ্জামান ২০০০ সালে মতিন মেহেদীর মাধ্যমে সংগঠনটিতে যোগ দেন। ২০১৭ সাল থেকে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত ঢাকা জেলার প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন। ২০২০ সালের জানুয়ারি থেকে তিনি কেন্দ্রের দাওয়াহ দপ্তরের প্রধান হিসাবে নিয়োজিত ছিলেন।
মনিরুজ্জামান ওরফে মিলন আল্লাহর দল প্রধান মতিন মেহেদীর ভাগ্নে। ১৯৯৯ সাল থেকে তিনি মতিন মেহেদীর একান্ত সহযোগী আল্লাহর দলের বিভিন্ন দায়িত্বে ছিলেন। সোহেল রানা ২০১৮ সালে আল্লাহর দলে যোগ দেন। আল্লাহর দলের গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে মামলা বিষয়াবলী দেখাশোনা, কারাবন্দি ও তাদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগসহ নানা ধরনের সহযোগিতায় নিয়োজিত ছিলেন।
রবি আহম্মেদ পাপ্পু ২০১৮ সালের আল্লাহর দলে যোগ দেন। ২০১৯ সাল থেকে তিনি গাজীপুর বিভাগীয় নায়েক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এটিইউ কর্মকর্তারা আরও জানান, গ্রেপ্তাররা দেশের বর্তমান নির্বাচনী ও ভোটাধিকার ব্যবস্থা বিশ্বাস করেন না। তারা নিজেরা ভোটাধিকার প্রয়োগ করেন না। অন্যকেও ভোটাধিকার প্রদানে নিরুৎসাহী করেন। তারা নারী নেতৃত্ব বিশ্বাস করেন না।
এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, তাদের বিরুদ্ধে তেজগাও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।