ক্ষুদ্র ঋণের নামে টাকা আত্মসাৎ

সিএসইর এমডিসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি মামুন-উর-রশীদসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষুদ্র ঋণ বিতরণের নামে স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪ কোটি টাকা আত্মসাৎ করায় এ মামলা করা হয়েছে। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রণব কুমার জানান, ‘দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বৃহস্পতিবার দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি করেন। এ মামলার অন্য আসামিরা হলেন সচেতন সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক জেসমিন রশিদ, একই সংস্থার সভাপতি হাসনা হেনা, সাধারণ সম্পাদক নাছরিন আক্তার, স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তারিকুল আজম এবং একই ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব এআরসিডি মো. আমিনুল ইসলাম, স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রগতি সরণি শাখার সাবেক ম্যানেজার শোয়াইব মাহমুদ তুহিন, একই শাখার সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শেখ মোহাম্মদ মুনসুরুল করিম।’