বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলে অবস্থিত বিমানবাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরে সমাপ্ত হয়। বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক দল সর্বমোট ৮১০ পয়েন্টের মধ্যে ৭৫৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বিমান সদর (ইউনিট) দল ৭৪৮ পয়েন্ট পেয়ে রানার আপ হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক দলের স্কোয়াড্রন লিডার ফরহাদ মাহমুদ, জিডি(পি) রাইফেল ফায়ারিংয়ে ১৪৮ এবং পিস্তল ফায়ারিংয়ে ১১০ পয়েন্ট পেয়ে সার্বিকভাবে সেরা শ্যুটার বিবেচিত হন। উল্লেখ্য, বিমানবাহিনীর ০৭টি দল ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল সাদে উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে সমাপনী দিনের ইভেন্ট প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি বিমানবাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের এয়ার অধিনায়ক এয়ার কমোডর কাজী মাজহারুল করিম প্রধান অতিথি হিসেবে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।