চলে গেলেন ফাদার যোসেফ স্টিফেন পিশোতো

মার্কিন মিশনারি ও শিক্ষাবিদ ফাদার যোসেফ স্টিফেন পিশোতো, সিএসসি (৮৭) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর রামপুরার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২৩ বছর নটর ডেম কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালনসহ ৫০ বছরের বেশি সময় কলেজটিতে শিক্ষকতা করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত ফাদার যোসেফ স্টিফেন পিশোতো নটর ডেম ইউনিভার্সিটির ট্রেজারার ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক জ্যোতি এফ গমেজ জানান, ফাদার পিশোতো হৃদরোগে ভুগছিলেন এবং তিনি বাংলাদেশ ও থাইল্যান্ডে চিকিৎসা নিয়েছিলেন। তিনি আরও জানান, গত ডিসেম্বরে ফাদার পিশোতো করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরবর্তী সময়ে তিনি সুস্থ হয়ে বাসায় ফেরেন। বৃহস্পতিবার সকালে দরজায় ধাক্কা দিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর সকাল ৯টার দিকে চিকিৎসককে খবর দিলে তিনি এসে দেখেন ফাদার পিশোতো মারা গেছেন।

জ্যোতি এফ গমেজ জানান, ‘ফাদার পিশোতোর মরদেহ আজ (বৃহস্পতিবার) ৩টার দিকে নটর ডেম কলেজ ও ইউনিভার্সিটিতে এবং ৬টার দিকে রমনা ক্যাথেড্রালে নেওয়া হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে মরদেহ নেওয়া হবে তেজগাঁও চার্চ প্রাঙ্গণে। পরে গাজীপুরের জয়দেবপুরের পুবাইলে তার মরদেহ সৎকার করা হবে।’