কৃষক বিক্ষোভ ইস্যুতে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের নামে কোনো মামলা করা হয়নি বলে দাবি করেছে দিল্লি পুলিশ। টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।
দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার প্রবীর রঞ্জন বলেন, এফআইআরে আমরা কারও নাম নিইনি। টুলকিটের স্রষ্টাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যা তদন্ত সাপেক্ষ। পুলিশ ঘটনার তদন্ত করবে।'
কৃষক বিক্ষোভ নিয়ে টুইট করার অভিযোগে গ্রেটার বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ, এমন খবর ছড়িয়ে পড়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে।
ভারতে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে মঙ্গলবার একটি টুইট করেছিলেন গ্রেটা। টুইটে একটি টুলকিট বা একটি গুগল ডকুমেন্ট শেয়ার করেন তিনি। সেখানে লেখা ছিল ভারতের যে ইমেজ আছে বিশ্বে চা ও যোগব্যায়ামের জন্য, সেটাকে বদলাতে হবে।
টুইটে বিভিন্ন ভারতীয় শিল্পপতিদের ব্যবসা টার্গেট করার কথা বলা হয়। এমনকি কৃষি আইন যদি প্রত্যাহার হয়, তাহলেও লড়াই থামবে না, যুদ্ধ সবে শুরু হয়েছে, সেই কথা বলা হয়।
গ্রেটার এ টুইটের জেরে বিতর্ক শুরু হয়। পরে এই টুইটটি ডিলিট করে দেন তিনি। যদিও স্ক্রিনশট নিয়ে রেখেছিলেন অনেকে। পরে একটি পরিবর্তিত টুলকিট টুইট করেন তিনি।
এদিকে দিল্লি পুলিশের মামলার খবর প্রকাশ হলে ফের কৃষকদের সমর্থনে টুইট করেন এ কিশোরী পরিবেশকর্মী। তিনি লিখেছেন, ‘আমি এখনও কৃষকদের পাশে রয়েছি। কোনও ধরনের হুমকি, বিদ্বেষ অথবা মানবাধিকার লঙ্ঘনই আমার অবস্থান বদল করতে পারবে না।’
দিল্লি সীমানায় কৃষকদের বিক্ষোভস্থলের চারপাশে কোথাও পরিখা খোঁড়া হয়েছে, আবার কোথাও কংক্রিটের স্ল্যাব দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে টুইটারে সরব হন মার্কিন পপস্টার রিয়ান্না। তিনি লেখেন, ‘কেন আমরা এটা নিয়ে কিছু বলছি না?’ এর পালটা বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত টুইটারে লেখেন, ‘কেউ এটা নিয়ে বলছেন না কারণ, তারা কৃষক নয়, জঙ্গি, যারা দেশকে ভাগ করতে চায়...।’
রিয়ান্নার পর গ্রেটা, এরপর সাবেক পর্নস্টার মিয়া খলিফা সরব হন ভারতের কৃষকদের নিয়ে। তাদেরও এক হাত নেন কঙ্গনা।