ইংল্যান্ড অধিনায়ক জো রুটের ব্যাটে বসন্ত চলছে। ইনফর্ম এই ব্যাটার শুক্রবার ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে নিজের শততম টেস্ট খেলতে নেমে তুলে নিলেন সেঞ্চুরি। এ বছর টানা তিন টেস্টে রুট শতকের দেখা পেরোলেন।
রুটের ব্যাটে এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে প্রথম দিনে দাপট দেখিয়েছে ইংলিশরা। প্রথম দিন শেষে দলটির স্কোর ২৬৩/৩। রুট অপরাজিত আছেন ১২৮ রানে। ১৯৭ বল খেলে ১৪টি চারের সঙ্গে মেরেছেন এক ছক্কা।
ক্রিকেট ইতিহাসে রুট মাত্র পঞ্চম অধিনায়ক যিনি শততম টেস্টে সেঞ্চুরি পেলেন। এর আগে এই কীর্তি গড়েছেন কলিন কাউড্রে, ইনজামাম উল হক, রিকি পন্টিং ও গ্রায়েম স্মিথ।
আর ইংলিশ ক্রিকেটারদের মধ্যে রুটি দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়লেন। কলিন কাউড্রে ছাড়াও এর আগে যা পেয়েছিলেন অ্যালেক স্টুয়ার্ট।
২০১২ সালে ভারতের মাটিতেই টেস্ট অভিষেক হয়েছিল রুটের। ২০১৬ সালে নিজের ৫০তম টেস্টও তিনি খেলেন ভারতের মাটিতেই। ম্যাচের আগে শততম টেস্ট উপলক্ষে সতীর্থ বেন স্টোকসের কাছ থেকে একটি স্মারক ক্যাপ পেয়েছেন রুট।
রবি বার্নস ও ডম শিবলির ব্যাটে ভালো শুরু পায় ইংল্যান্ড। তবে দলীয় ৬৩ রানেই পর পর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অতিথিরা। ৩৩ রান করা বার্নকে ফিরিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন। খানিক পরই জাসপ্রিত বুমরাহর বলে এলবিডব্লিউ হয়ে যান ড্যান লরেন্স (০)।
এরপর ডম শিবলির সঙ্গে জুড়ি বেঁধে ভারতীয় বোলারদের নাকানিচুবানি খাইয়েছেন জো রুট। ১৬৪ বলে রুট পূরণ করেন সেঞ্চুরি।
তবে দিনের একেবারে শেষ ওভারে এসে বুমরাহর বলে এলবিডব্লিউ হয়ে যান শিবলি। ৩৮২ মিনিট ক্রিসে থেকে ২৮৬ বল খেলেছেন ডানহাতি ব্যাটার। ১২ চারে ৮৭ রান করেন তিনি।