কালিয়ায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

নড়াইলের কালিয়া উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রী (১৪) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর প্রেমিক মোবাইল ফোনে ডেকে নিয়ে বন্ধুদের নিয়ে ধর্ষণ করায় বলে অভিযোগে জানা গেছে। পুলিশ ধর্ষক প্রেমিক নিশান শেখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্বজনরা জানান, জনৈক দরিদ্র ব্যক্তির নবম শ্রেণি পড়ুয়া কন্যার(১৪) সঙ্গে নিশানের প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নিশান মোবাইল ফোনে বাড়ির পাশের বিলে তাকে ডেকে নিয়ে যায়। সেখানে নেয়ার পর নিশানসহ তার বন্ধুরা মিলে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘণ্টাখানেক পর জ্ঞান ফিরলে ভুক্তভোগী স্কুলছাত্রী বাড়ি ফিরে আসে।

তার ফুফু জানান, বৃহস্পতিবার রাত ১টা ৪৫ মিনিটের সময় অসুস্থ অবস্থায় তার ভাইয়ের মেয়েকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু বলেন, ‘ রাত দেড়টার পর পর কালিয়া থেকে একটি মেয়ে ধর্ষণের হিস্ট্রি নিয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা আলামত সংগ্রহ করেছি। পরীক্ষা-নিরীক্ষার ফলাফল শেষে চূড়ান্ত মতামত দেওয়া হবে। বিষয়টি আমরা থানাকে অবহিত করেছি’।

কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা ঘটনার রাতেই বাদী হয়ে পাঁচজনের নামে মামলা দায়ের করেন। এ ছাড়া অজ্ঞাতনামা দুজন আসামি রয়েছে। এর মধ্যে নিশান শেখ, বাপ্পী সিকদার ও নাঈম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।