মারা গেলেন কবি ফররুখ আহমদের ছেলে আহমদ আখতার

কবি ফররুখ আহমদের ছেলে কবি আহমদ আখতার আর নেই। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।

দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করে। 

তিনি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্য ছিলেন।  

আহমদ আখতার দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাব-এডিটর ছিলেন। এর আগে তিনি দৈনিক সংগ্রাম ও বাংলাদেশ সংবাদ সংস্থায় সাব-এডিটর হিসেবে কাজ করেছেন।

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় বলেন, সিনিয়র সাংবাদিক-কবি আহমদ আখতার বেশ কিছু দিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। 

সূত্র জানায়, শুক্রবার বিকালে পূর্ব রামপুরায় নিজের বাসায় শ্বাসকষ্টসহ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে আহমদ আখতারকে নিকটস্থ বেটার লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকাল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে তিনি গণস্বাস্থ্য হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে বাসায় নেয়া হয়। 

কবি ফররুখ আহমদের ছেলেমেয়ে ১১ জন। তারা হলেন- সৈয়দা শামারুখ বানু, সৈয়দা লালারুখ বানু, সৈয়দ আবদুল্লাহেল মাহমুদ, সৈয়দ আবদুল্লাহেল মাসুদ, সৈয়দ মনজুরে এলাহি, সৈয়দা ইয়াসমিন বানু, সৈয়দ মুহম্মদ আখতারুজ্জামান (আহমদ আখতার), সৈয়দ মুহম্মদ ওয়হিদুজ্জামান, সৈয়দ মুখলিসুর রহমান, সৈয়দ খলিলুর রহমান ও সৈয়দ মুহম্মদ আবদুহু।