ফলপ্রসূ গ্রুপ স্টাডির জন্য

কিছু কিছু বিষয় বাসায় একা পড়ার থেকে গ্রুপে অন্যদের সঙ্গে পড়লে ভালো বোঝা যায়। অন্যদের আলোচনা এবং বক্তব্য বিষয় সম্পর্কে নতুন দিক উন্মোচন করে। এ কারণে উন্নত বিশ্বে গ্রুপ স্টাডিকে উৎসাহিত করা হয়। কিন্তু সতর্ক না থাকলে গ্রুপ স্টাডি হতে পারে সময় অপচয়ের কারণ। তাই গ্রুপ স্টাডির ক্ষেত্রে অবলম্বন করতে হয় কিছু কৌশল। জানাচ্ছেন বিপুল জামান

স্টাডি গ্রুপ তৈরির সময়

স্টাডি গ্রুপ তৈরির সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। স্টাডি গ্রুপ তৈরির জন্য তিন থেকে ছয়জন সদস্য নির্বাচন করো। তার থেকে বেশি হলে সময় ব্যবস্থাপনায় জটিলতার সৃষ্টি হতে পারে। তা ছাড়া এর থেকে সদস্যসংখ্যা বেশি হলে সবার প্রতি যথাযথ মনোযোগ দেওয়া সম্ভব নাও হতে পারে।

কেউ শুধু তোমার বন্ধু বলেই কাউকে গ্রুপের সদস্য করো না। এমন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করো যারা নিয়মিত ক্লাসে উপস্থিত হয়, নোট নেয়, পরীক্ষায় ভালো করতে চায় এবং এর জন্য সময়, শ্রম ও মনোযোগ বিনিয়োগ করতে রাজি আছে।

স্টাডি গ্রুপ পরিচালনা

গ্রুপ স্টাডির সময় ও স্থান এমনভাবে নির্ধারণ করো যেন তা তোমার জন্য স্বস্তিদায়ক হয়। চেষ্টা করো যেন দিনের বা সপ্তাহের সেই নির্ধারিত সময়েই তোমরা একত্র হতে পারো। এতে তোমাদের পড়ার আবহে প্রবেশ করা অপেক্ষাকৃত সুবিধাজনক হবে। 

সর্বোত্তম ফল পেতে

নিয়ম ও দিকনির্দেশনা তৈরি করো। দলের প্রত্যেক সদস্য এই নিয়মনীতিগুলোর সঙ্গে একমত কি-না তা নিশ্চিত করো। আলোচনা যেন বহমান নদীর মতো বয়ে না গিয়ে তার নির্দিষ্ট পথেই থাকে তা লক্ষ রাখো। প্রয়োজনে সর্বসম্মতিক্রমে একজনকে সেশন পরিচালনার দায়িত্ব দাও।

একটি পরিকল্পনা করো এবং তাতে অটল থাকো। প্রতিটি সেশনের একটি আউটলাইন তৈরি করো এবং সে লক্ষ্য যেন অর্জন করতে পারো সেদিকে খেয়াল রাখো।

সকলের লাভের জন্য

প্রত্যেকেই যেন লাভবান হতে পারে সেদিকে নজর রাখো। বসার আগেই বিষয়ের ওপর প্রয়োজনীয় প্রশ্ন তৈরি করো যেন আলোচনা করতে সুবিধা হয়।

ক্রমানুসারে প্রত্যেকে যেন আলোচনায় অংশ নিতে পারে তা নিশ্চিত করো। এটি তাদের মধ্যকার জড়তা কাটাতে সাহায্য করবে এবং স্বতঃস্ফূর্ত আলোচনার পথ তৈরি করবে। নির্দিষ্ট সময় পরপর মূল্যায়নের ব্যবস্থা রাখো যেন প্রত্যেকেই উপকৃত হচ্ছে কি-না তা জানা যায়। প্রতিটি সদস্যের দুর্বলতা শনাক্ত করো এবং তা থেকে উত্তরণের জন্য তাকে উৎসাহিত ও সহযোগিতা করো।