পাকশীর সেলিম হত্যাকান্ডের জট খোলেনি দুই বছরেও

ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম ওরফে সেলিম নেতা হত্যাকান্ডের দুই বছর হচ্ছে আজ ৬ ফেব্রুয়ারি। দুই বছরেও চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত প্রকৃত আসামি গ্রেপ্তার কিংবা রহস্য উদঘাটন না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে।

অভিযোগ উঠেছে, লোমহর্ষক এই হত্যাকান্ডের মূল হোতারা এখন প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। পুলিশের পক্ষ থেকে তেমন কোনো অগ্রগতি লক্ষ করা যাচ্ছে না বলে জানিয়েছেন নিহত মোস্তাফিজুর রহমান সেলিমের একমাত্র সন্তান তানভির রহমান তন্ময়। মামলাটি বর্তমানে পাবনা পিবিআই তদন্ত করছে বলেও জানান তিনি। গতকাল শুক্রবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন হতাশা আর ক্ষোভের কথা জানান তন্ময়। 

জানা গেছে, চাঞ্চল্যকর এই লোমহর্ষক হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাকশী ইউপি চেয়ারম্যান এনাম বিশ্বাসের ছেলে রকি বিশ্বাস, ভাতিজা আরজু বিশ্বাসসহ বেশ কয়েকজন পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তাদের জিজ্ঞাসাবাদে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। কিন্তু এখন পর্যন্ত ওই ঘটনার অভিযুক্ত মূল হোতা কে বা কারা তা প্রকাশ করতে পারেনি পুলিশ।

বীর মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকান্ডের পরপরই হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে ওঠে পাকশীসহ গোটা ঈশ^রদী। সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করে একের পর এক প্রতিবাদ কর্মসূচি পালন করতে থাকে ঈশ্বরদীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ।