পর্যটকের ফোন উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কক্সবাজারে ড্রেন থেকে পর্যটকের মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে লালু (১১) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। লালু টেকনাফ উপজেলার জাবের আহমদ ও মিনারা বেগম দম্পতির ছেলে।

পুলিশ জানিয়েছে, কক্সবাজার শহরে পর্যটক দম্পতি শহরের সুগন্ধা পয়েন্টে কেনাকাটা করার সময় পাশের নালায় তাদের মোবাইল ফোন পড়ে যায়। এ সময় লালুকে টাকার প্রলোভন দেখিয়ে ফোনটি উদ্ধার করতে ড্রেনে নামানো হয়। সেখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন সড়কের কাজে ব্যবহৃত একটি বৈদ্যুতিক ছেঁড়া তার পড়েছিল। ড্রেনে নামার পর লালু বিদ্যুৎস্পৃষ্ট হলে সটকে পড়ে ওই দম্পতি। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিশু লালুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার এসআই মো. দস্তগীর হোসেন বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।