অনন্ত’র ‘নেত্রী-দ্য লিডার’ থেকে সরে দাঁড়ালেন ইফতেখার

পরিচালক ইফতেখার চৌধুরী সম্প্রতি ব্যস্ত রয়েছেন ‘মুক্তি’ সিনেমার শুটিং নিয়ে। এদিকে মুক্তি সিনেমার মহরত অনুষ্ঠানে নায়ক-প্রযোজক অনন্ত জলিল ঘোষণা দিয়েছিলেন অনন্তর প্রযোজনায় ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমার পরিচালক হিসেবে থাকবেন ইফতেখার চৌধুরী। যে সিনেমায় নায়িকা হিসেবে থাকবেন বর্ষা। সে সময়ে গণমাধ্যমে খবরটি ঢালাউভাবে প্রচারিতও হয়।

এদিকে আজ (শনিবার) দেশ রূপান্তরকে ইফতেখার চৌধুরী জানালেন তিনি সিনেমাটির পরিচালনা থেকে সরে দাঁড়িয়েছেন। কোনো মনোমালিন্য বা অন্য কোনো কারণে নয়, নিজের ব্যস্তার কারণেই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন ইফতেখার। দেশ রূপান্তরকে ইফতেখার চৌধুরী বলেন, ‘নেত্রী- The Leader সিনেমা আমার পরিচালনা করার কথা ছিল কিন্তু ‘মুক্তি’ সিনেমা নিয়ে ব্যস্ততার কারনে আমি নেত্রী- the leader এর কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছি। মুক্তি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে এ বিষয়ে কিছু জানাতে পারি নাই। ‘মুক্তি’ শেষ করেই ‘লন্ডন লাভ’ সিনমার কাজ শুরু করতে হবে। অতএব অনেক বেশি ব্যস্ততার কারনে নেত্রী- the leader পরিচালনা করছি না।’

তিনি আরও বলেন, ‘আমার আরও আগেই বিষয়টি জানানো উচিত ছিল, কিন্তু সঠিক সময়ে বিষয়টি জানাতে না পেরে আমি দুঃখিত। তবে চিন্তার কোন কারণ নেই অনন্ত জলিল ভাইয়ের সাথে আমার আরো একটা নতুন ফিল্ম এ কাজ হবে। সময় মতো বাকি তথ্যগুলো জানিয়ে দিবো।’

উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে অনন্ত জলিল, বর্ষা ও ববির। একই সিনেমা পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন ইফতেখার চৌধুরী। প্রায় ১০ বছর পর অনন্তর সঙ্গে কাজের কথা থাকলেও সেটা আরও পিছিয়ে গেল।