কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় বাংলাদেশ সম্পর্কিত সাম্প্রতিক প্রতিবেদনটি মিথ্যা, মানহানিকর, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শনিবার শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।
তারা বলেন, ‘প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর সিরিজ ছাড়া আর কিছুই নয়। যা মূলত উগ্রবাদী সংগঠন বিএনপি-জামায়াতের সঙ্গে কুখ্যাত ব্যক্তিদের যোগসাজশে তৈরি রাজনৈতিক অপপ্রচার। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রতিবেদনটি প্রত্যাখ্যান করছে। এবং সেই সঙ্গে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে’।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘আল-জাজিরার এই প্রতিবেদনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যার উন্নয়নের ধারাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যড়যন্ত্র মূলকভাবে তৈরি হয়েছে। প্রতিবেদনটি ভিত্তিহীন কিছু ডকুমেন্টস, কিছু ব্যক্তি যাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নাই, কোনো দলীয় পরিচয় নাই তাদের টার্গেট করে বানানো কয়েকটি অডিও-ভিডিও ক্লিপ, বিভিন্ন দাপ্তরিক, সামাজিক এবং ব্যক্তিগত ইভেন্টস ও ছবি একত্রিত করে প্রযুক্তি ব্যবহার করে নিখুঁত এডিটিং এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড, সাউন্ড ও ভয়েস দ্বারা উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে আল-জাজিরা নিজে যাকে 'সাইকোপ্যাথ' আখ্যা দিয়েছে তার প্রলাপের ওপর ভিত্তি করে একটি রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবেদনে তৈরি করা একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জন্য চরম দায়িত্বহীনতার পরিচায়ক’’।