নিজের গানে নিজেই মডেল

চ্যানেল আই সেরা কণ্ঠখ্যাত কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনী নিয়ে এসেছেন নতুন গান। ‘ভুল ঠিকানায়’ নামের এই গানটিকে কেন্দ্র করে একটি মিউজিক ভিডিওই নির্মাণ করা হয়েছে। গানের ভিডিওতে মডেল হয়েছেন শ্রাবণী নিজেই। এটি পরিচালনা করেছেন আলামিন হোসেন ও মো: ইখলাস। এই গানটির কথা লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন ফিদেল নাঈম, সংগীত করেছেন ওয়াহেদ শাহীন। গানটি প্রকাশ করেছে এইচ এম ভয়েস।

দেশ রূপান্তরকে শ্রাবণী সায়ন্তনী বলেন, ‘অসাধারণ কথা ও সুরের একটি গান এটা। গানটি গাইতে আমার ভীষণ ভালো লেগেছে। নিজের বেশ কিছু মৌলিক গানের মধ্যে অন্যতম পছন্দের একটা গান এটি। আমার পরিচিতজন এবং ফ্যানরাও ভীষণ পছন্দ করেছে এই গানটা। এছাড়াও ভিডিও শুটিংয়ের সময়েও অনেক ভালো কিছু অভিজ্ঞতা হয়েছে।  সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে এই গানটি করতে গিয়ে।’

শ্রাবণী জানালেন তার আরও বেশ কিছু গান শিগগিরই প্রকাশিত হবে। সবগুলো গানের রেকর্ডিং ইতিমধ্যেই শেষ হয়েছে। ভিডিও শুটিং সম্পন্ন হলেই গানগুলো রিলিজ করা হবে। শ্রাবণী বলেন, ‘আমার নিজের ইউটিউব চ্যানেলের জন্যও বেশ কিছু প্রজেক্টের পরিকল্পনা করেছি। সামনে এগুলো প্রকাশ করা হবে। সবার দোয়া চাই, যাতে সামনে আরো ভালো কিছু গান আপনাদের উপহার দিতে পারি।’