বিল এলিসের ১০টি পরামর্শ

বিল এলিস একজন বিখ্যাত সমাপনী বক্তা এবং প্রভাবশালী লেখক। শিক্ষা ও কর্মজীবনে সফলতা লাভে তার দিকনির্দেশনা ফলপ্রসূ তা বিশ্বব্যাপী প্রমাণিত। আজ আমরা প্রকাশ করছি নবীন শিক্ষার্থীদের জন্য তার ১০টি পরামর্শ-

 এই (বর্তমান) শিক্ষা বছরটিকে সর্বোৎকৃষ্ট করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। আর তা তখনই সম্ভব হবে যখন তুমি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারবে। তাই সর্বপ্রথমে ইতিবাচক হও।

 তোমার শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হও। তারা তাদের সাধ্যের ভেতর সবটুকু দিয়ে তোমাকে সাহায্য করার চেষ্টা করেন। তোমার জন্য তারাই সর্বোচ্চ মেধাবী ও যোগ্য ব্যক্তি শেখানোর জন্যএটা মানসিকভাবে গ্রহণ করো।

 তোমার সহপাঠীদের ব্যাপারে ইতিবাচক হও। তোমার মতো তারাও একই সমস্যার মোকাবিলা করছে। এই বিপদসংকুল সমুদ্রে একে অপরের সহায় হয়ে উঠতে পারলে যাত্রা সুখকর হবে।

 সামনের আসনগুলোতে বসার চেষ্টা করো। যতটা সামনে বসা সম্ভব। এতে করে তুমি শিক্ষকের কথা, আলোচনা, তার ব্যবহৃত বই, উপকরণ সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারবে।

 নোট নাও। ক্লাস নোট থেকে ফেয়ার কপি তৈরি করো। পরীক্ষার প্রস্তুতি নিতে এই নোটগুলো তোমাকে দারুণভাবে সহায়তা করবে।

 প্রতিদিন প্রতি ক্লাসে শেখা প্রতিটি জিনিস তোমার ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। তাই শেখার সময় সর্বোচ্চ মনোযোগ দাও। জীবনের প্রতিটি পর্যায়েই শিক্ষার গুরুত্ব রয়েছে। তাই জীবনব্যাপী শেখার মনোভাব যে কারও জন্য উপকারী। তাই চেষ্টা করো প্রতিটি ঘটনা থেকে কিছু শিখতে।

 গভীর রাত পর্যন্ত না জেগে থেকে যথাসময়ে ঘুমোতে যাও। রাতের পরিপূর্ণ ঘুম তোমাকে দেবে পরিপূর্ণ বিশ্রাম যা পরদিন পূর্ণশক্তি নিয়ে পাঠগ্রহণ করতে সাহায্য করবে।

 যথাযথভাবে খাও এবং শরীর চর্চা করো। জাংক ফুড এড়িয়ে চলো। এটি তাৎক্ষণিকভাবে সুস্বাদু মনে হলেও এর রয়েছে দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব। নিয়মিত শরীর চর্চা তোমাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ, সবল ও চাঙা রাখবে যা পড়াশোনার জন্য অতি গুরুত্বপূর্ণ।

 কখনো অসততার আশ্রয় নিয়ো না। অসততা করে পার পাওয়া অসম্ভব। জীবনের যেকোনো একসময় ঠিকই অসততার কড়া মূল্য দিতে হয়। আর দুঃখের ব্যাপার হলো এই ভুলকে শোধরানোও সম্ভব হয় না। তাই সময় থাকতে অসততা থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ।

মানুষকে আন্তরিক প্রশংসা করতে শেখো। বিশেষ করে আপনজন যেমন বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন। কারণ এরাই তোমার জীবনে তোমার পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

ভাষান্তর : বিপুল জামান