শেখ জামাল-সাইফ স্পোর্টিংয়ের জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শনিবার নিজ নিজ খেলায় জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও সাইফ স্পোর্টিং ক্লাব।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৪-২ গোলে হারায় শেখ জামাল। লিগে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারের তেতো স্বাদ পেলে শেখ রাসেল।

ম্যাচটিতে দুই দলের ৬ গোলের সবকটি এসেছে বিদেশিদের পা থেকে। শেখ জামালের পক্ষে জোড়া গোল করেন ওমর জোবের। একটি করে গোল করেছেন সুলাইমান সিল্লাহ ও সুলেমান কিংয়ে। শেখ রাসেলের পক্ষে গোল দুটি অবি মোনেকে ও বখতিয়ারের।

অন্যদিকে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আরামবাগকে ৩-২ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং। দলটির পক্ষে জোড়া গোল করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইকেচুকে কেনেথ। অন্য গোলটি সাজ্জাদ হোসেনের।

আমারবাগের পক্ষে গোল দুটি করেন উমর ফারুক ও ক্রিস্টোফার চিজোবা।

ছয় ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সাইফ স্পোর্টিং। অন্যদিকে পাঁচ ম্যাচের সবগুলো হেরে তলানিতে আরামবাগ।

আর শেখ রাসেলকে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নেওয়া শেখ জামাল পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এক ম্যাচ বেশি খেলা বসুন্ধরা কিংস ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।

ছয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আবাহনী লিমিটেড তৃতীয় স্থানে ও ১৩ পয়েন্ট নিয়ে শেখ রাসেল চতুর্থ স্থানে নেমে গেছে।