হাতুড়ির আঘাতে হবিগঞ্জের বানিয়াচঙ্গে এক বৃদ্ধা খুন হয়েছেন। কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রতিপক্ষের পিটুনিতে নিহত হয়েছেন এক বৃদ্ধ। সুনামগঞ্জের জগন্নাথপুরে দ্বিতীয় স্ত্রীর লাঠির আঘাতে নিহত হয়েছেন বৃদ্ধ স্বামী। এ ছাড়া ময়মনসিংহের ভালুকায় খাল থেকে উদ্ধার করা হয়েছে তরুণের মরদেহ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর
হবিগঞ্জ : হাতুড়ির আঘাতে খুন করা হয়েছে বৃদ্ধাকে। নিহত জাকিয়া বেগমের (৬৫) মাথা, নাক-মুখ উপর্যুপরি হাতুড়ির আঘাতে থেঁতলে দেওয়া হয়েছে। বানিয়াচঙ্গ উপজেলার চৌধুরীপাড়া এলাকায় গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত জাকিয়া বছর দুয়েক আগে প্রয়াত বানিয়াচঙ্গের ব্যবসায়ী আবদুল হান্নান ঠাকুরের স্ত্রী।
পুলিশ জানায়, নিহত জাকিয়া বেগম তার ছোট ছেলে জোবায়েল ঠাকুরকে (৩২) নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। ঘটনার রাত সাড়ে ৮টার দিকে জোবায়েল ঠাকুর তার মাকে ঘরে একা রেখে কেনাকাটা করতে বাজারে যান। ঘণ্টাখানেক পর জোবায়েল বাড়ি এসে মাকে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঢুকে দেখতে পান তার মায়ের নিথর দেহ মেঝেতে। ঘটনাস্থলে একটি হাতুড়ি পাওয়া গেছে।
কিশোরগঞ্জ : কটিয়াদী উপজেলায় প্রতিপক্ষের হামলায় আলাল উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার উত্তর পাইকশা গ্রামে এ ঘটনা ঘটে। আলাল উপজেলার উত্তর পাইকশা গ্রামের মৃত আবদুস ছমেদের ছেলে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জজ মিয়া (৩০) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
নিহত আলাল উদ্দিনের জামাতা মোহাম্মদ আলী আকবর ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের মুদি দোকান থেকে কেনাকাটা করে ফেরার পথে ওঁৎ পেতে থাকা জজ মিয়া বাঁশ দিয়ে আলাল উদ্দিনের মাথায় আঘাত করে।
সুনামগঞ্জ : জগন্নাথপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রী রেনু বেগমের (৩০) লাঠির আঘাতে স্বামীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আলেক মিয়া (৬৫)। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আমিনপুর গ্রামের মাছিম উল্লার ছেলে। গতকাল শনিবার সকালে নিহতের এ ঘটনা ঘটে।
সকালে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের একপর্যায়ে দ্বিতীয় স্ত্রী লাঠি দিয়ে স্বামী আলেক মিয়ার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় খাল থেকে জসিম উদ্দিন (২৬) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার হবিরবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিলাইজুড়ি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জসিম উদ্দিন পাশের ফুলবাড়িয়া উপজেলার রাঁধাকানাই গ্রামের তারা মিয়ার ছেলে।