ইংলিশ প্রিমিয়ার লিগে আজ অ্যানফিল্ডে লিভারপুল মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির। সবশেষ তিন আসরের চ্যাম্পিয়ন দুদল। ৩০ বছর পর পেশাদার লিগ শিরোপা জিতেছে অলরেডরা গতবার। তার আগের দুবার শিরোপা জিতেছিল সিটিজেনরা। বর্তমানে ৪৭ পয়েন্টে নিয়ে শীর্ষে তারাই। একসময় শীর্ষে থাকা লিভারপুল ম্যানসিটির চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে। লিভারপুল কি পারবে ২০২১-এ ম্যানসিটিকে প্রথম হারের তেতো স্বাদ দিতে?
নতুন বছরে কোনো ম্যাচ হারেনি পেপ গার্দিওলার ম্যানসিটি। শুধু তাই নয় সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচ অপরাজিত তারা। অপরদিকে অ্যানফিল্ডে টানা ৬৮ ম্যাচ অপরাজিত থাকার পর বার্নলি ও ব্রাইটনের কাছে হেরেছে ইয়ুর্গেন ক্লপের দল। অ্যানফিল্ডে সবশেষ চার ম্যাচে জয়হীন তারা। তিন ম্যাচে গোলও পায়নি, যা ১৯৮৪ সালের পর প্রথম। তবে অ্যানফিল্ডে ১৭ বছরে কোনো লিগ ম্যাচ জিততে পারেনি সিটি।
গত ৮ নভেম্বর ইতিহাদে ম্যানসিটি-লিভারপুলের লিগের প্রথম পর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে ক্লপের জন্য স্বস্তির বিষয় অনুশীলনে ফিরেছেন দলের নম্বর ওয়ান গোলকিপার অ্যালিসন বেকার। তাই আজকের ম্যাচে তাকে পাওয়ার আশা করছেন। অনুশীলনে ফিরেছেন ব্রাইটনের বিপক্ষে না থাকা সাদিও মানেও। যদিও তার খেলা নিশ্চিত নয়। গার্দিওলা এই ম্যাচে দলের সেরা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনেকে পাবেন না পেশির চোটের কারণে। ইনজুরির কারণে আগে থেকেই নেই সার্জিও আগুয়েরো।
ম্যাচ সম্পর্কে গার্দিওলা বলেছেন, ‘আমাদের লক্ষ্য শিরোপা জয় করা। লক্ষ্য পূর্ণ তিন পয়েন্ট অর্জন।’ এদিকে ম্যাচের আগে ক্লপ বলছেন ম্যানসিটি সুবিধা পেয়েছে। দলে কোভিড সংক্রমণের কারণে মাঝে বিশ্রাম পেয়েছিল ম্যানসিটি। ক্লপ বলেন, ‘আমরা কোনো বিরতি পাইনি। মনে হয় সিটি দুই সপ্তাহ বিশ্রাম পেয়েছিল (খেলা ছিল না) কভিডের কারণে। অনেক দলের জন্যই এটি কঠিন একটি মৌসুম।’ ইন্টারনেট।