করোনা ভাইরাসের অন্যতম হটস্পট যুক্তরাজ্য। প্রতিদিনই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। অনেক দেশই আপাতত যোগাযোগ বন্ধ রাখছে যুক্তরাজ্যের সঙ্গে। সেই ধারাবাহিকতায় গেল শনিবার যোগ দিয়েছে জার্মানি। বুধবার জানানো হয়েছে খেলার কারণে কোনো ধরনের বিশেষ অনুমতি দেওয়া হবে না। তাই চ্যাম্পিয়নস লিগ প্রি-কোয়ার্টারে লিভারপুলের বিপক্ষে ম্যাচ ভেন্যু বদল করতে হচ্ছে আরবি লাইপজিগকে।
১৬ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগ প্রি-কোয়ার্টারের প্রথম লেগের ম্যাচে লাইপজিগ খেলবে লিভারপুলের বিপক্ষে। প্রথম লেগের ম্যাচের ভেন্যু নির্ধারিত ছিল লাইপজিগের মাঠ রেড বুল অ্যারেনা। কিন্তু ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে করোনার হটস্পট এমন দেশ থেকে জার্মানিতে প্রবেশের বিষয়ে। যেহেতু খেলার কারণে কোনো বিশেষ অনুমতিও দেওয়া হবে না, তাই লাইপজিগকে ম্যাচ আয়োজন করতে হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। অর্থাৎ জার্মানির বাইরে ইউরোপের কোনো দেশে। এমনটি করতে না পারলে নিয়ম অনুযায়ী ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করা হবে লিভারপুলকে। সোমবার নতুন ভেন্যুর প্রস্তাব দেওয়ার কথা লাইপজিগের। গণমাধ্যমে খবর নতুন ভেন্যু হতে পারে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনা। তবে আরও একটি উপায় আছে। লাইপজিগ যদি লিভারপুলকে রাজি করাতে পারে অদল-বদলের বিষয়ে তাহলে নতুন ভেন্যু খুঁজতে হবে না জার্মান দলটির। অর্থাৎ লাইপজিগ প্রথম লেগ খেলে আসবে অ্যানফিল্ডে, দ্বিতীয় লেগ (১০ মার্চ) খেলতে লিভারপুল আসবে রেড বুল অ্যারেনায়।