সিরাজগঞ্জের কাজীপুরে কাতারভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ‘আলজাজিরা’কে অবাঞ্ছিত ঘোষণা করে তা জনগণকে না দেখাতে কেব্ল অপারেটরদের নির্দেশ দিয়েছেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়।
গতকাল শনিবার এক প্রতিবাদ সমাবেশে তিনি এ নির্দেশ দেন। এর আগে বেলা ১১টার দিকে আল জাজিরার ডকুমেন্টারি সম্প্রচার করার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। সমাবেশে জয় বলেন, আল জাজিরা টিভি বিভিন্ন সময়ে ভিত্তিহীন সংবাদ প্রচারের কারণে সুন্নি মুসলিম অনেক দেশই সম্প্রচার নিষিদ্ধ করেছে। বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপির দালাল ও চিহ্নিত বিতর্কিত ব্যক্তির সহায়তায় মিথ্যা এই ডকুমেন্টারি তৈরি করে প্রচার করেছে।
সমাবেশে উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা চেয়ারম্যান ও কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার। কাজিপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, সহসভাপতি আতিকুর রহমান মুকুল প্রমুখ।