রাঙ্গামাটি পৌর নির্বাচন

আ.লীগের বিদ্রোহী প্রার্থী অমরকে দল থেকে বহিষ্কার

রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কুমার দে-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদারের বাসভবনে অনুষ্ঠিত জরুরি এক সভায় অমরকে বহিষ্কার করা হয়।

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় অমর কুমার দে-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে অমর কুমার দে বলেন, ‘আমি বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছি। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। বাকি দিনগুলোতে নির্বাচনী প্রচারণা চালাতে পারব কি-না তা নিয়ে শঙ্কায় আছি।’

রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আকবর হোসেন চৌধুরী। অন্যদিকে মোবাইল প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন অমর কুমার দে। ‘বিদ্রোহী’ নয়, নিজেকে বিকল্প প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছেন অমর। আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে রাঙ্গামাটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মেয়র পদে লড়ছেন পাঁচজন।