আমিরাতের উদ্দেশে নৌবাহিনীর জাহাজের চট্টগ্রাম ত্যাগ

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিভিশন এবং নেভি ডিফেন্স এক্সিভিশনে অংশ নিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয় গতকাল শনিবার চট্টগ্রাম নৌঘাঁটি ত্যাগ করেছে। এ সময় নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানায়। এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক এই সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চপর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদরা এবং সামরিক ব্যক্তিরা অংশ নেবেন। ১৩৬ জন নৌসদস্য নিয়ে মহড়ার উদ্দেশে যাত্রা করা বানৌজা প্রত্যয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন আহমেদ আমিন আব্দুল্লাহ। মহড়া শেষে জাহাজটির আগামী ১৩ মার্চ দেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে।