বর্তমানে বাংলাদেশে ৯৮ ভাগ মানুষের মাঝে পানি সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীর সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, অল্প সময়ের ভেতরে শতভাগ মানুষের মাঝে পানি সরবরাহ করা হবে। পানির স্তর অনেক নিচে নেমে যাচ্ছে। এ কারণে আমাদের সারফেস ওয়াটারের কথা চিন্তা না করে উপায় নেই। ঢাকাসহ সারা দেশের জন্য সেফ ওয়াটার দেওয়া হবে। গতকাল শনিবার দুপুরে ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের (ঢাকা ওয়াসা) রূপগঞ্জের গন্ধর্বপুর পানি শোধনাগার কেন্দ্র পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।
এলজিআরডিমন্ত্রী বলেন, একসময় চট্টগ্রামের মানুষ পানি পায়নি ও ওখানে পানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর চট্টগ্রামসহ শহরের সব জায়গায় পানি আছে। এমনকি ঢাকায় কোনো জায়গায় পানির স্বল্পতা নেই। এ জন্য রূপগঞ্জ উপজেলার গর্ন্ধবপুরের একটি প্রকল্পের কাজ শেষ হতে যাচ্ছে। আরও চারটি প্রকল্প করা হবে এবং এটি আমাদের খুব দ্রুত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহমুদুল ইসলাম, জেলা প্রশাসক মোস্তাই বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নূসরাজ জাহান, গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির প্রমুখ।