পয়েন্ট টেবিলের তলানিতে থাকা উয়েস্কার বিপক্ষে হোঁচট খেতে বসেছিল রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত জিনেদিন জিদানের দলকে উদ্ধার করেছেন রাফায়েল ভারান। ফরাসি তারকার জোড়া গোলে স্বস্তির জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
শনিবার লা লিগায় প্রতিপক্ষের মাঠে শুরুতে পিছিয়ে পড়ে বেশ চাপে পড়ে যায় রিয়াল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তুলে নেয় ২-১ গোলের জয়।
এই জয়ের সুবাদে বার্সেলোনাকে টপকে টেবিলে দুইয়ে ফিরল রিয়াল। ২১ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৪০। ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ।
প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে হাভি গালানের গোলে এগিয়ে গিয়েছিল উয়েস্কা। ৫৪ মিনিটে ভারান সমতা ফেরানো গোল করেন। ৮৪ মিনিটেও গোল আদায় করলে দলের পূর্ণ পয়েন্ট নিশ্চিত হয়।
গত সপ্তাহে লিগে লেভান্তের বিপক্ষে ঘরের মাঠে হেরেছিল রিয়াল। সব প্রতিযোগিতা মিলেই শেষ আট ম্যাচে যেমন এ নিয়ে মাত্র তিনটিতে জিতল রিয়াল।
সব মিলে দলটির ওপর বেশ চাপ ছিল। চাপে ছিলেন কোচ জিদানও। এমন পরিস্থিতিতে উয়েস্কার বিপক্ষে জেগেছিল হোঁচট খাওয়ার শঙ্কা। শেষ পর্যন্ত জিদান স্বস্তি নিয়েই ফিরতে পেরেছেন।