করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা নিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
রবিবার দুপুর ১টার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি টিকা নেন।
টিকা গ্রহণের পর জাফরুল্লাহ বলেন, ‘ভালো আছি। কোনো ভয় নেই। দেশবাসীকে আহ্বান করছি- যখনই আপনার তারিখ আসবে টিকা নেবেন। এটা আপনাদের কর্তব্য।’
তিনি বলেন, ‘আমি একই সঙ্গে বলতে চাচ্ছি- আমার প্রধানমন্ত্রী যদি এখানে এসে টিকাটা নিয়ে যান, তাহলে দেশবাসী আরও বেশি সাহস পাবে। এটা ভয়ের কোনো কারণ নেই।’
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বলেন, ‘এটা প্রত্যেকে- আমার রিকশাওয়ালা ভাই, যিনি বাড়ির কাজ করেন, সাধারণ মানুষ টিকা পাওয়ার যেন সুবিধা পায়। সাধারণ মানুষেরই এই টিকাটা বেশি দরকার।’
তিনি বলেন, এখানে ব্যবস্থাপনা খুবই ভালো হয়েছে। বিএসএমএমইউ’র সকল কর্মীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্যের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, বিএসএমএমইউর প্রফেসর ডা. মুহাম্মদ রফিকুল আলম।
রবিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে একযোগে শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম। প্রথম দিনে ঢাকাসহ সারা দেশে ১ হাজার ৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। ঢাকায় ৫০টি কেন্দ্র রয়েছে। সকাল ৮টা থেকে টিকাদান শুরু হয়েছে। চলবে টানা বেলা আড়াইটা পর্যন্ত।