তাইজুলের ‘কুইকারে’ মিলল উইকেট

অনেক সাধনার পরে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিয়েছেন তাইজুল ইসলাম। দুই সেশনের পর বিরতি থেকে ফিরে দারুণ এক কুইকারে এনক্রুমা বোনারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ২৫৯। তিনটি উইকেটই পড়েছিল চতুর্থ দিন শেষ বিকেলে। জয়ের জন্য তাদের করতে হবে আর ১০৩ রান।

বাংলাদেশ এদিন ক্যাচ ফেলেছে, রিভিউয়ের সুযোগ একাধিকবার নিতে ভুল করেছে। বিপরীতে কাইল মেয়ার্সের নান্দনিক ব্যাটিং আর এনক্রুমা বোনারের দৃঢ়তায় জয়ের দিকে এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।

অভিষেক টেস্ট খেলতে নামা মেয়ার্স সেঞ্চুরি তুলে নিয়েছেন। অপরাজিত আছেন ১০৮ রানে। আরেক অভিষিক্ত বোনার ফিরেছেন ৮৬ রানে, ২৪৫টি বল খেলেছেন তিনি!

এই মাঠে চতুর্থ ইনিংসে ৩১৭ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের। সেখানে বাংলাদেশ ৮ উইকেটে শুধু দ্বিতীয় ইনিংসে করে ২২৩ রান। সঙ্গে আগের ইনিংসে লিড ছিল ১৭১।

গতকাল শেষ বিকেলের তিনটি উইকেটই নেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে শতক হাঁকানোর পাশাপাশি বল হাতে চার উইকেট নেন এই অলরাউন্ডার।

বাংলাদেশ শনিবার লিড বড় করতে পারে মুমিনুল-লিটনের দারুণ এক জুটিতে। এদিন এই টেস্টের প্রথম শতরানের জুটি গড়েন তারা। তার আগে বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হাঁকান অধিনায়ক মুমিনুল।

চার মেরে ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতকে পৌঁছানো লিটন সাজঘরে ফেরেন ৬৯ রানে। ১১২ বলে পাঁচটি চারে এই রান করেন তিনি।

শতকের পর মেরে খেলতে থাকা মুমিনুল ১১৫ রানে থামেন। ১৮২ বলের ইনিংসে ১০টি চারের মার ছিল তার।