‘পাঁচশ’ সদস্যের কমিটি সত্ত্বেও একটি বড় মিছিল করতে পারে না বিএনপি’

পাঁচশ’ সদস্যের ঢাউস কমিটি থাকা সত্ত্বেও বিএনপি একটি বড় মিছিল করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, মিডিয়ায় আন্দোলনের ঝড় তুললেও বাস্তবে বিএনপি নেতারা রাজপথে থাকেন না। কেউ কেউ মাঠে থাকলেও ফেসবুকে দেওয়ার জন্য ছবি তোলেন, এরপর পালানোর পথ খোঁজেন।

তিনি বলেন, বক্তব্য-বিবৃতিতে বেগম খালেদা জিয়ার জন্য বিএনপি নেতারা প্রাণ দেওয়ার বাসনা ব্যক্ত করলেও, তার মুক্তির জন্য ঢাকা শহরে ৫০০ লোকের একটি মিছিলও করতে দেখেনি জনগণ। তারা তাদের নেত্রীর মুক্তি ও চিকিৎসার চেয়ে রাজনীতি করেছে বেশি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের বক্তৃতায় কথামালার ফুলঝুরি ছুটলেও তারা রাজপথকে ভয় পায়, আন্দোলনকে ভয় পায়। এখন তারা জনগণকেও ভয় পায়। জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি ভয়ের বৃত্তে এখন আবর্তিত হচ্ছে।

তিনি বলেন, পাঁচশ’ সদস্যের ঢাউস কমিটি থাকা সত্ত্বেও একটি বড় মিছিল যারা করতে পারে না, তাদের মেরুদণ্ডের শক্তি সম্পর্কে জনগণ বুঝতে পেরেছে বলেই নির্বাচনে তাদেরকে ভোট দেয় না।

এ সময় বিএনপির উদ্দেশে হুঁশিয়ার উচ্চারণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জেল, জুলুম, নির্যাতন আর রাজপথ থেকে উঠে আসা জনগণের সংগঠন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বিএনপির কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।

তিনি বলেন, নির্বাচনে ব্যর্থ ও পরাজিত হয়ে বিএনপির পরাজিত নেতারা এখন শুরু করেছে হাঁকডাক। তাদের মাঠ গরমের অপচেষ্টাও সফল হবে না। পরাজিত প্রার্থীদের রোদনভরা ব্যর্থতার কাহিনী শুনে জনগণের কী লাভ হবে।