প্রথম দিনেই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তার স্ত্রী করোনার ভ্যাকসিন নিয়েছেন।
রবিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বেলা তিনটার দিকে তারা এই টিকা নেন।
টিকা নেওয়া শেষে প্রধান বিচারপতি ও তার স্ত্রী হাসপাতালের অধ্যক্ষের কক্ষে ৩০ মিনিটের মতো বিশ্রাম নেন। বিশ্রাম শেষে ফেরার সময় মাহমুদ হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালত হলো আপিল বিভাগ। আপিল বিভাগের আমিসহ প্রত্যেকে টিকা নিয়েছেন। আমি দেশবাসীকে বলব, যাতে সবাই তাড়াতাড়ি নিবন্ধন করেন। আপিল বিভাগে সাতজন ও হাইকোর্ট বিভাগে প্রায় ৪০ জনের মতো টিকা নিয়েছেন।’
প্রধান বিচারপতি আরও বলেন, স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশে সবার আগে টিকা দেওয়া হয়েছে। এটা প্রধানমন্ত্রীর বিশাল কৃতিত্ব।
কোনো শারীরিক সমস্যা হচ্ছে কি না, জানতে চাইলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমার স্ত্রীও টিকা নিয়েছেন। কোনো সমস্যা হয় নাই।’