আল-জাজিরার প্রতিবেদন কল্পনাপ্রসূত: পুলিশ অ্যাসোসিয়েশন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনকে কল্পনাপ্রসূত ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে নন ক্যাডার পুলিশদের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

রবিবার পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমান বন্দর থানার ওসি বি এম ফরমান আলী এবং সাধারণ সম্পাদক ও যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আল জাজিরায়  ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনটি অসত্য, কল্পনাপ্রসূত, দুরভিসন্ধিমূলক ও অসৎ উদ্দেশ্যে প্রচারিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনটি সাম্প্রতিক সময়ে কতিপয় স্বার্থান্বেষী মহল কর্তৃক দেশকে অস্থিতিশীল করার ধারাবাহিক প্রচেষ্টার একটি অপপ্রয়াসমাত্র। প্রতিবেদনটি তৈরির কুশীলব ডেভিড বার্গম্যান যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচারকালে নানামুখী অপতৎপরতামূলক কর্মকাণ্ডের জন্য বিতর্কিত, জুলকারনাইন সায়ের খান (সামি ছদ্মনামধারী) মাদকাসক্তির অপরাধে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে বহিষ্কৃত একজন ক্যাডেট এবং তাসনিম খলিল অখ্যাত নেত্র নিউজ এর প্রধান সম্পাদক, যিনি বিভিন্ন সময়ে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের পক্ষে বিতর্কিত ভূমিকার জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন। এসব বিতর্কিত ব্যক্তিবর্গ অনেক আগ থেকেই তাদের নিজেদের মধ্যে যোগসূত্র স্থাপন করে বাংলাদেশ বিরোধী কার্যক্রমে নিয়োজিত রয়েছে’।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন আল জাজিরার প্রতিবেদনটিকে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিভেদ ও দূরত্ব সৃষ্টির মাধ্যমে দেশের সমৃদ্ধি ও অগ্রগতির পথে বাধা সৃষ্টির একটি অপপ্রয়াস হিসেবে মনে করে।

তারা বলে, ‘‘বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশের সংবিধান এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বদাই অঙ্গীকারবদ্ধ। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ পুলিশ। এ ছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ এখন বিশ্বে ‘রোল মডেল’’।

‘বাংলাদেশ যখন অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের পথে ধাবমান ঠিক তখনই আল জাজিরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক পক্ষপাতমূলক প্রতিবেদন প্রচার করেছে, যা অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক’।

তারা জানায়, ‘‘আইজিপি ড. বেনজীর আহমেদ দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি দায়িত্ব গ্রহণের পরপরই বাংলাদেশ পুলিশকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন।  আইজিপি পুলিশ সদস্যদের সব প্রকার অপেশাদার আচরণ রোধে ‘জিরো টলারেন্স’নীতি গ্রহণ করেছেন। এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না’’।

‘করোনাকালে বর্তমান আইজিপি’র নেতৃত্বে সম্মুখযোদ্ধা হিসেবে নির্ভীক পুলিশ সদস্যরা সর্বোচ্চ পেশাদারি, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ দায়িত্ব পালনকালে এ পর্যন্ত ৮৫ জন পুলিশ সদস্য জনগণের সেবায় প্রাণ দিয়েছেন। করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৯ সহস্রাধিক পুলিশ সদস্য’।

‘আল জাজিরার প্রতিবেদনে জনৈক ব্যক্তির বক্তব্য উপস্থাপন করা হয়েছে। সেখানে তিনি ডিএমপি’র এয়ারপোর্ট থানায় ওসি বদলি সম্পর্কে বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তব্যে উৎকোচের বিনিময়ে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিএমপি কমিশনাররা ওসি পদায়ন করেন মর্মে উল্লেখ করেছেন, যা সর্বৈব মিথ্যা ও বাস্তবতা বিবর্জিত। বাংলাদেশ পুলিশের বর্তমান কর্মপদ্ধতি সম্পর্কে ওই ব্যক্তির কোনো ধারণাই নেই’।

‘‘স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন একজন সৎ ও নির্ভীক মুক্তিযোদ্ধা এবং আদর্শ রাজনৈতিক ব্যক্তি হিসেবে সর্বমহলে সুপরিচিত। থানায় ওসি পদায়নের ক্ষেত্রে প্রশাসনিক কর্মপদ্ধতি অনুযায়ী তিনি কোনোভাবেই সম্পৃক্ত নন। সর্বমহলে গ্রহণযোগ্য একজন সম্মানিত ব্যক্তি সম্পর্কে এ ধরনের বক্তব্য অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। আইজিপির ‘ক্লিন ইমেজের’ একজন চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে সর্বজনবিদিত। পুলিশ প্রধান হিসেবে তিনিও বাংলাদেশ পুলিশের প্রশাসনিক কর্মপদ্ধতি অনুযায়ী থানায় ওসি বদলি/পদায়নের ক্ষেত্রে কোনোভাবে সংশ্লিষ্ট নন। ডিএমপি পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম একজন স্বচ্ছ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত। দক্ষতা, যোগ্যতা ও পেশাদারির মাপকাঠির ভিত্তিতে তিনি ওসি বদলি/পদায়ন করে থাকেন’’।

পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধে পাক বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধের সূচনাকারী বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য রাষ্ট্র, সরকার ও জনগণের প্রতি অবিচল আস্থা এবং শ্রদ্ধা রেখে দেশ ও জনগণের কল্যাণে অহর্নিশ কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশ দেশের যে কোনো প্রয়োজন ও সংকটে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে অঙ্গীকারবদ্ধ। আইজিপি ড. বেনজীর আহমেদের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ও লক্ষ্য পূরণে যখন বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে তখন আল জাজিরায় এ ধরনের দুরভিসন্ধিমূলক প্রতিবেদন প্রচার খুবই নিন্দনীয়’।