ফরিদপুরে প্রথম দিনে ভ্যাকসিন নিল দুই হাজার জন

করোনা ভ্যাকসিন প্রয়োগের প্রথম দিনে ফরিদপুরে দুই হাজার জন টিকা গ্রহণ করেছে।

রবিবার বেলা সাড়ে ১১টায়  ফরিদপুর জেনারেল হাসপাতালে করোনার টিকা প্রদানে কার্যক্রম শুভ উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

এর আগে জেলায় ২০ হাজার জন করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে বলে জানিয়েছেন, জেলা প্রশাসক।

উদ্বোধনী সময় ফরিদপুর মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম ও আইসিইউ ইউনিটের ইনচার্জ ডাক্তার অনন্ত কুমার বিশ্বাসের করোনা টিকা নেওয়ার মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ সূচনা হয়। 

এর পর ভ্যাকসিন গ্রহণ করেন, জেলা প্রশাসক, পুলিশ ‍সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, ফরিদপুর পৌর মেয়র, সিভিল সার্জন, ফমেকের পরিচালক, উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও এক সাংবাদিক।

এর আগে ফরিদপুরে সিভিল সার্জন সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে টিকা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা, পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, ডা. মোস্তাফিজুর রহমান বুলু, বিএমএর সভাপতি ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।

সভায় জেলা প্রশাসক অতুল সরকার তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব না হলে আমরা করোনা ভ্যাকসিনেশনের আওতায় আসতে পারতাম না। বিশ্বের মাত্র ৩০-৩৫ টি দেশ প্রথম ধাপে এ কর্মসূচির আওতায় এসেছে।

তিনি বলেন, উদ্বোধনী দিনে স্বাস্থ্যমন্ত্রী, প্রধান বিচারপতি,  মন্ত্রিপরিষদ সচিব, সবাই এ টিকা নিচ্ছেন। এ টিকা নিয়ে যে অপপ্রচার চলছে তাতে কান দেবেন না। করোনা মহাযুদ্ধে আমরা সবাই কাজ করেছি, কিন্তু মূল কাজটি করেছেন আমাদের চিকিৎসক ও নার্সরা।

তিনি জানান, প্রথম দিনে নয় উপজেলায় ১১টি কেন্দ্রে এক যোগে দুই হাজার করোনা ভ্যাকসিনের টিকা প্রদান করবো।