কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাস্থ্যসচিব আবদুল মান্নানের গ্রামের বাড়িতে হামলা চালানোর পর এবার সচিবকে তার নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে কটিয়াদি উপজেলা আওয়ামীলীগ।
রোববার দুপুরে কটিয়াদী ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে উপজেলা আওয়ামী লীগের এক প্রতিবাদ সভা থেকে স্বাস্থ্যসচিবকে কটিয়াদীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ ঘোষ। পরে এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের জড়ানোর প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি থানা ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, গিয়াস উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন
শনিবার কটিয়াদী উপজেলার চান্দপুর নিজের গ্রামের বাড়ির সংলগ্ন সচিবের স্ত্রীর নামে একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ ও যোগাযোগ রাস্তাকে কেন্দ্র করে স্থানীয় এমপি নূর মোহাম্মদের সমর্থিত স্থানীয় আওয়ামী লীগের লোকজন ক্লিনিক ও স্বাস্থ্য সচিবের বাড়িতে হামলা চালায়। তার প্রতিবাদ করতে গেলে উপজেলা ভূমি কমিশনার (এসিল্যান্ড)কে মারধর ও শারীরিক লাঞ্ছিত করে। এ নিয়ে উপজেলা প্রকৌশলী ও ভূমি কমিশনার বাদী হয়ে পৃথক দুটি মামলা করে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।