নোয়াখালীতে প্রথম দিনে টিকা নিয়েছেন ৪৬৯ জন

নোয়াখালী জেলায় প্রথম দিনে কোভিড-১৯ এর টিকা নিয়েছেন ৪ শ ৬৯ জন ব্যক্তি। সকালে নোয়াখালী সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী নিজে টিকা নিয়ে জেলায় টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। সকাল ১০টায় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের নির্ধারিত বুথে তিনি টিকা নেন।

এ ছাড়া সকাল ১১ টার দিকে নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ও সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার টিকা নিয়েছেন।

এরপর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ  সভাপতি আতাউর রহমান মানিক সহ সম্মুখ সারির যোদ্ধাদের টিকা দেওয়া হয়।

সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী নিজে টিকা গ্রহণ করে টিকা নেওয়াতে কোন সমস্যা হয়নি উল্লেখ করে গুজবে কান না দিয়ে সবাইকে টিকা নিয়ে নিরাপদ থাকার আহ্বান জানান। 

প্রথম দিনে রোববার সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মোট ৪ শত ৬৯ জনকে এ টিকা দেওয়া হয়েছে বলে জানান নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি টিকা দেওয়ার জন্য এ পর্যন্ত নিবন্ধন হয়েছে প্রায় তিন হাজার।

রোববার ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল, পুলিশ লাইন্স হাসপাতালসহ জেলার ১০টি স্থানে ১০টি কেন্দ্রে ৩৩টি বুথ খোলা হয়েছে। প্রতিটি টিকাকেন্দ্রে দুজন করে স্বাস্থ্যকর্মী ও চারজন করে স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন।